শনিবার, ৭ নভেম্বর ২০২৬
কৃষি প্রবাহ

টাংগাইলের মধুপুরে ঝড়ে ৮০ হেক্টর বাগান ক্ষতিগ্রস্ত

District Correspondent
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬ | ০৩:৪৪ পিএম
টাংগাইলের মধুপুরে ঝড়ে ৮০ হেক্টর বাগান ক্ষতিগ্রস্ত মধুপুরে ঝড়ে ৮০ হেক্টর বাগান ক্ষতিগ্রস্ত

জেলা প্রতিনিধিঃ 

টাঙ্গাইলের মধুপুরে আকস্মিক ঝড়ে প্রায় ৮০ হেক্টর জমির কলা, পেঁপে, আনারসসহ বিভিন্ন ফল ও সবজির বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কৃষকেরা।

 

বুধবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার শোলাকুড়ী, ফুলবাগচালা, অরণখোলা, ভুটিয়া ও কুড়াগাছাসহ বিভিন্ন এলাকায় হঠাৎ প্রবল বাতাসের সঙ্গে ঝড় শুরু হয়। এতে অল্প সময়ের মধ্যেই বিভিন্ন এলাকার বাগান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

 

ঝড়ের তাণ্ডবে অনেক স্থানে কলাগাছ ভেঙে মাটিতে পড়ে গেছে। কোথাও আবার শিকড়সহ গাছ উপড়ে গেছে। একই সঙ্গে আনারস, পেঁপে ও বিভিন্ন ধরনের সবজির জমিতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

 

মধুপুর উপজেলা কৃষি অফিস জানিয়েছে, শোলাকুড়ী, ফুলবাগচালা, অরণখোলা, ভুটিয়া ও কুড়াগাছা এলাকায় প্রায় ৮০ হেক্টর জমির কলা, পেঁপে, আনারস, অন্যান্য ফল ও সবজির বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে মাঠপর্যায়ে ক্ষয়ক্ষতির হিসাব সম্পন্ন হলে প্রকৃত ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।

 

ক্ষতিগ্রস্ত কৃষকেরা জানান, দীর্ঘদিন ধরে শ্রম, অর্থ ও সময় ব্যয় করে তারা এসব বাগান গড়ে তুলেছেন। অনেকেই ধারদেনা কিংবা সঞ্চয়ের টাকা দিয়ে কলা, আনারস ও পেঁপে চাষ করেছেন। ফসল ঘরে তোলার সময় যখন প্রায় চলে এসেছিল, ঠিক তখনই ঝড়ে তাদের স্বপ্ন ও বিনিয়োগ বড় ধরনের অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

 

কৃষকেরা দ্রুত ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা তৈরির পাশাপাশি সরকারি সহায়তার দাবি জানিয়েছেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত বাগান পরিদর্শন করে কৃষকদের পুনরায় চাষাবাদে সহযোগিতা এবং প্রয়োজনীয় কৃষি-প্রযুক্তিগত পরামর্শ দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

 

মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা মমতাজ বেগম বলেন, দুপুরের আকস্মিক ঝড়ে উপজেলার কয়েকটি এলাকায় প্রায় ৮০ হেক্টর জমির কলা, পেঁপে, আনারস ও সবজির বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে মাঠপর্যায়ে ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করা হচ্ছে। সন্ধ্যা হয়ে যাওয়ায় সব ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করা সম্ভব হয়নি। আগামীকাল সকালে সংশ্লিষ্ট এলাকাগুলো পরিদর্শন করে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে।

সর্বশেষ সংবাদ

নয়াদিল্লিতে এসএসি ও আইসিএআর-এর মধ্যে সৌজন্য সাক্ষাৎ

সংবাদের লিংক কপি হয়েছে!