শনিবার, ৭ নভেম্বর ২০২৬
কৃষি প্রবাহ

রাজশাহীতে সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউএনও কার্যালয়ে তালা

ডেস্ক নিউজ
প্রকাশ: ৬ নভেম্বর ২০২৬ | ০৫:৪৯ পিএম
রাজশাহীতে সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউএনও কার্যালয়ে তালা

রাজশাহীর গোদাগাড়ীতে সারের ডিলার নিয়োগে দলীয়করণ ও অনিয়মের অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহানের অপসারণ দাবিতে তার কার্যালয় ঘেরাও করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা ও পৌর শাখার নেতা-কর্মীরা। এক পর্যায়ে আন্দোলনকারীরা উপজেলা প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন।

 

সোমবার (১২ অক্টোবর) দুপুরে গোদাগাড়ী উপজেলা প্রশাসনিক ভবনের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে কর্মসূচি শুরু করেন আন্দোলনকারীরা। পরে তারা কার্যালয়ের প্রধান ফটক (কেচি গেট) তালাবদ্ধ করে অবস্থান নেন।

 

জানা যায়, তালা বন্ধ থাকায় দুই ঘণ্টা প্রশাসনিক ভবনের সব কাজে বিঘ্ন ঘটে। ফলে কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি সেবা নিতে আসা সাধারণ মানুষও ভোগান্তিতে পড়েন।

 

রাজশাহী মহানগর এনসিপির আহ্বায়ক আতিকুর রহমান অভিযোগ করে বলেন, 'সারের ডিলার নিয়োগে নীতিমালা লঙ্ঘন করা হয়েছে। যারা নিয়োগ পেয়েছেন, তাদের অধিকাংশই বিএনপির বিভিন্ন পদে রয়েছেন।'

 

তিনি বলেন, 'এমনকি নিয়োগ পাওয়া ডিলারদের কারো কারো সার বিক্রির দোকান বা গুদামও নেই। এত অনিয়ম ও দুর্নীতির অভিযোগের মধ্যে সম্পন্ন হওয়া এ নিয়োগ আমরা মেনে নেব না।'

 

এ সময় উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা এনসিপির আহ্বায়ক জিয়াউর রহমান, গোদাগাড়ী পৌর এনসিপির আহ্বায়ক আব্দুর রহিম, সদস্যসচিব মোফাজ্জল হোসাইন আনাম, জামায়াত নেতা মাহফুজ, ডিলারপ্রত্যাশী ইলিয়াস আলী এবং জুলাই যোদ্ধা গোদাগাড়ী উপজেলা সমন্বয়ক মো. মাহফুজুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

 

‎তবে ইউএনও ইসরাত জাহান দাবি করেন, আন্দোলনকারীরা পাঁচ থেকে সাত মিনিটের বেশি সময় ছিল না।

 

তার বিরুদ্ধে ওঠা অভিয়োগের বিষয়ে তিনি বলেন, 'যেকোনো একটি সরকারি কাজ আইনানুগ হয়েছে কি না সেটা আমরা দেখি। আর আইনানুগ কাজও কারো না কারো বিপক্ষে যেতে পারে। আর এখানে যারা এসেছিল,তারা সবাই নিজেদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে এসেছে।'

 

তিনি আরও বলেন, 'তাদের যদি অভিযোগ থাকে তারা অভিযোগ দায়ের করবে। আর এটার সিদ্ধান্ত তো আমরা দেইনি। সারের ডিলার নিয়োগে সরকারের যে কেন্দ্রীয় কমিটি আছে, তারা এই সিদ্ধান্ত দিয়েছে।'

 

ইউএনও ইসরাত জাহান বলেন, 'তারা [আন্দোলনকারীরা] বলেছে তারা অভিযোগ দেবে। আমরা বলেছি তারা অভিযোগ দিয়ে যাক। তবে এখনও তারা অভিযোগ দিয়ে যায়নি। তারা আসলে ভাইরাল হতে এসেছিল। অনেকদিন তারা নিউজের বাইরে, সে কারণে তারা ভাইরাল হতে এসেছিল।'

 

কুড়িগ্রামের নাগেশ্বরীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির একাধিক নেতাকে সারের ডিলার হিসেবে নিয়োগের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা। এ সময় তারা ডিলারদের নিয়োগ বাতিলের দাবি জানান।

 

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা দাবি করেন, উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা মিলিয়ে মোট ১৫ জন সার ডিলারের মধ্যে ১০ জনই ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসর জাতীয় পার্টির নেতাদের নিয়োগ দেওয়া হয়েছে।

 

সমাবেশে বক্তব্য দেন, নাগেশ্বরী পৌর কৃষকদলের সদস্যসচিব আদম আলী, উপজেলা সেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম ও আলমগীর হোসেন, সাবেক যুবদল নেতা মাইনুদ্দিন, ছাত্রনেতা আক্তারুজ্জামান রাশেদ প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

নয়াদিল্লিতে এসএসি ও আইসিএআর-এর মধ্যে সৌজন্য সাক্ষাৎ

সংবাদের লিংক কপি হয়েছে!